নিপুণ
শুনেছিলাম, আপনি কোরিয়ায় গেছেন। ফিরলেন কবে?
গত রোববার। ওখানে একটা ছবির কাজ করেছি। ওয়াকিল আহমেদের পরিচালনায় এই ছবির নাম লাভ ইন কোরিয়া। এ ছবিতে আমার বিপরীতে ছিলেন নীরব। আমরা কাজ করেছি সিউলে। চমৎকার জায়গা। চারদিকটা এত সুন্দর—দেখে মনে হবে সবকিছু শিল্পীর তুলিতে আঁকা। পরিপাটি করে সাজানো-গোছানো।
সিউলে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।
আমরা প্রথম দিন শুটিং করছিলাম সিউল টাওয়ারে। তখন অনেক মানুষ এসে ছবি তুলছিল। ওরা ধারণা করেছিল, আমরা ভারতের কোনো ছবির কাজ করছি। বাংলাদেশের ছবি কিংবা শিল্পীদের ব্যাপারে তাদের তেমন কোনো ধারণাই নেই। কিন্তু সবকিছু জানার পর তারা খুব খুশি হয়েছে। আমাদের কাজের প্রশংসা করেছে।
আপনি একটি টেলিছবিতে অভিনয় করেছেন। আজ তা টিভিতে দেখানো হবে।
টিভির জন্য আমি মাত্র তিনটি কাজ করেছি। নিউজম্যান টেলিছবিতে আমার বিপরীতে ছিলেন জাহিদ হাসান। তাঁর কাজের অনেক গল্প শুনেছি। এবার কাজ করতে এসে প্রমাণ পেলাম। শুটিংয়ের ফাঁকে নানা মজার মজার কথা বলেন। শুনে সবাই খুব হেসেছি। আরেকজন শিল্পী হলেন জয়। তাঁর সঙ্গে আগে আরেকটি কাজ করেছি।
এই টেলিছবিতে তো হুমায়ুন ফরীদিও অভিনয় করেছেন।
এখানে একটা মজার ঘটনা আছে। আমি তাঁকে চলচ্চিত্রে পাইনি। কিন্তু তাঁর সঙ্গে কাজ করার একটা ইচ্ছা ছিল। এই টেলিছবির শুটিংয়ে দেখি তিনি এসে হাজির। তিনি যে ওখানে কাজ করবেন, সেটা আমি জানতাম না। শুনলাম, তিনি এসেছেন সবার সঙ্গে দেখা করতে আর আড্ডা দিতে। পরে যখন দেখি তিনি অভিনয় করছেন, তখন আমার দারুণ আনন্দ হচ্ছিল।
শাকিব খানের সঙ্গে আপনি দুটি ছবি করেছিলেন। শাকিবের আর কোনো ছবিতে আপনাকে দেখা যায়নি। কেন?
আমরা দুজন একসঙ্গে করেছিলাম পিতার আসন ও আমার প্রাণের স্বামী ছবি। দুটিই দারুণ ব্যবসাসফল হয়েছিল। তিন বছর পর আমরা দুজন একসঙ্গে আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। কয়েক দিন আগে আলোচনা চূড়ান্ত হয়েছে। ছবির নাম আদরের জামাই। এটি তৈরি করবেন শাহাদাৎ হোসেন।









0 comments:
Post a Comment